শান্তির গান
— মহাদেব সাহা
এই পৃথিবীতে আমরা শান্তি চাই
আমরা এশিয়ার কৃষক
এই পৃথিবীতে আমরা শান্তি চাই
আমরা আফ্রিকার শ্রমিক
এই পৃথিবীতে আমরা শান্তি চাই
আমরা ইউরোপের শিশু
আমরা শান্তি চাই;
আমাদের সকলের সমবেত প্রার্থনা আজ- শান্তি।
এই শান্তির জন্যে মিউনিখ শহরে তোলপাড় করেছি আমরা
এই শান্তির জন্যে ইতালির রাজপথে করেছি দীর্ঘ মিছিল
এই শান্তির জন্যে নিউইয়র্ক শহরে বিক্ষোভ করেছি অসংখ্য
মানুষ;
এই শান্তির জন্যে আমরা আফ্রিকার শিশু
প্যালেস্টাইনের কিশোর আর নামিবিয়ার যুবক
কতো বিনিদ্র রাত কাটিয়েছি,
আবার এই শান্তির জন্যে বাংলার দুঃখিনী মায়ের চোখে
ঘুম নেই।
সবুজ শস্যক্ষেত, সদ্যফোটা ফুল ও শিশুর
হাসির জন্যে
পৃথিবী জুড়ে আমরা চাই শান্তিকল্যাণ।
শান্তি চাই যারা শিশুদের ভালোবাসি
শান্তি চাই যারা রাঙা গোলাপ ভালোবাসি;
শান্তি চাই যারা লুমুম্বা, আলেন্দে ও শেখ মুজিবের
নিষ্ঠুর মৃত্যুর জন্য কাঁদি
শান্তি চাই যারা পিকাসোর গোয়ের্নিকার কথা ভাবি
এই পৃথিবীতে আমরা শান্তি চাই-
শিশুদের পদধ্বনির মতো শান্তি
বকুল ঝরে পড়ার মতো শান্তি
রজনীগন্ধার খোলা পাপড়ির মতো শান্তি।
আমরা হিরোশিমা-নাগাসাকির ব্যথিত আত্মা
আমরা শান্তি চাই;
আমরা ভিয়েতনাম ও বাংলাদেশের
স্বাধীনতা যুদ্ধের শহিদ
আমরা শান্তি চাই;
আমরা শোকাহত মায়ের চোখের জল
বোনের ক্রন্দন, স্ত্রীর শোকাশ্রু-
আমরা শান্তি চাই;
আমরা কবিতা ভালোবাসি
আমরা শান্তি চাই;
আমরা শিল্প ও জীবন ভালোবাসি
আমরা শান্তি চাই;
আমরা এখনো মানুষের হৃদয় ও মনুষ্যত্বে
সমান বিশ্বাসী
আমরা শান্তি চাই।
[সংক্ষেপিত]
