You are currently viewing আমার বাড়ি কবিতা — জসীমউদ্দীন

আমার বাড়ি কবিতা — জসীমউদ্দীন

আমার বাড়ি
— জসীমউদ্দীন

আমার বাড়ি যাইও ভোমর,
                    বসতে দেব পিঁড়ে,
জলপান যে করতে দেব
                    শালি ধানের চিড়ে।
শালি ধানের চিড়ে দেব,
                    বিন্নি ধানের খই,
বাড়ির গাছের কবরী কলা,
                    গামছা-বাঁধা দই।
আম-কাঁঠালের বনের ধারে
                    শুয়ো আঁচল পাতি,
গাছের শাখা দুলিয়ে বাতাস
                     করব সারা রাতি।
চাঁদমুখে তোর চাঁদের চুমো
                     মাখিয়ে দেব সুখে,
তারা ফুলের মালা গাঁথি,
                     জড়িয়ে দেব বুকে।
গাই দোহনের শব্দ শুনি
                      জেগো সকাল বেলা,
সারাটা দিন তোমায় লয়ে
                       করব আমি খেলা।
আমার বাড়ি ডালিম গাছে
                       ডালিম ফুলের হাসি,
কাজলা দিঘির কাজল জলে
                        হাঁসগুলি যায় ভাসি।
আমার বাড়ি যাইও ভোমর,
                          এই বরাবর পথ,
মৌরি ফুলের গন্ধ শুঁকে
                           থামিও তব রথ।

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts