You are currently viewing স্বদেশ কবিতা — ঈশ্বরচন্দ্র গুপ্ত

স্বদেশ কবিতা — ঈশ্বরচন্দ্র গুপ্ত

স্বদেশ
— ঈশ্বরচন্দ্র গুপ্ত



জান না কি জীব তুমি,                      জননী জন্মভূমি,
                     সে তোমায় হৃদয়ে রেখেছে।
থাকিয়া মায়ের কোলে,                     সন্তানে জননী ভোলে,
                     কে কোথায় এমন দেখেছে ॥
ভূমিতে করিয়ে বাস,                        ঘুমেতে পুরাও আশ,
                     জাগিলে না দিবা বিভাবরী।
কতকাল হরিয়াছ,                            এই ধরা ধরিয়াছ,
                     জননী জঠর পরিহরি ॥
যার বলে বলিতেছ,                          যার বলে চলিতেছ,
                     যার বলে চালিতেছ দেহ।
যার বলে তুমি বলী,                         তার বলে আমি বলি,
                     ভক্তিভাবে কর তারে স্নেহ ॥
মিছা মণি মুক্তা হেম,                        স্বদেশের প্রিয় প্রেম,
                     তার চেয়ে রত্ন নাই আর।
সুধাকরে কত সুধা,                          দূর করে তৃষ্ণা ক্ষুধা,
                     স্বদেশের শুভ সমাচার ॥
ভ্রাতৃভাব ভাবি মনে,                        দেখ দেশবাসীগণে,
                     প্রেমপূর্ণ নয়ন মেলিয়া।
কত রূপ স্নেহ করি,                          দেশের কুকুর ধরি,
                     বিদেশের ঠাকুর ফেলিয়া ॥
স্বদেশের প্রেম যত,                          সেই মাত্র অবগত,
                     বিদেশেতে অধিবাস যার।
ভাব-তুলি ধ্যানে ধরে,                      চিত্রপটে চিত্র করে,
                     স্বদেশের সকল ব্যাপার ॥
স্বদেশের শাস্ত্রমতে,                          চল সত্য ধর্মপথে,
                     সুখে কর জ্ঞান আলোচন।
বৃদ্ধি কর মাতৃভাষা,                          পুরাও তাহার আশা,
                     দেশে কর বিদ্যা বিতরণ ॥ 
                                                          [সংক্ষেপিত]

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts