You are currently viewing মানুষ সকল সত্য কবিতা — দিলওয়ার

মানুষ সকল সত্য কবিতা — দিলওয়ার

মানুষ সকল সত্য
— দিলওয়ার


ওরে মন কান্না কেন? যন্ত্রণায় কেন জর্জরিত?
মৃত্যুর পাষাণ বুকে প্রার্থনার বাণী ব্যর্থ হয়ে
অবিশ্রান্ত ফিরে আসে। চলে কাল নির্লিপ্ত নির্ভয়ে।
তুমি কি জানো না মন আমরা কালের হাতে ধৃত?

বুঝি তাই মৃত্যু তার অন্য এক অর্থ নিয়ে আসে;
অনির্বাণ দীপ্তি যার অমৃতের পুত্রদের পথে
সমস্ত যন্ত্রণা মুছে বহমান দুর্নিবার স্রোতে,
সেই স্বপ্নে তারাফুল ঝরে পড়ে মৃত্তিকার ঘাসে।
যে পথে গিয়েছে তারা কালিদাস, দান্তে ও হোমার
অজেয় রবীন্দ্রনাথ, বেদব্যাস, খৈয়াম, হাফিজ,
সুকান্ত-মিল্টন-শেলী অকাতরে ঢেলে মনসিজ
সেই পথে গেছে সেও। এই শান্তি আমার-তোমার।
হে মন প্রফুল্ল হও। শোনো তার মৃত্যুহীন গান
মানুষ সকল সত্য। এই সত্যে আমি অনির্বাণ।

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts