You are currently viewing বঙ্গভূমির প্রতি কবিতা — মাইকেল মধুসূদন দত্ত

বঙ্গভূমির প্রতি কবিতা — মাইকেল মধুসূদন দত্ত

বঙ্গভূমির প্রতি
— মাইকেল মধুসূদন দত্ত

রেখো, মা, দাসেরে মনে,       এ মিনতি করি পদে।  
সাধিতে মনের সাধ
ঘটে যদি পরমাদ,

মধুহীন করো না গো              তব মনঃকোকনদে।
প্রবাসে, দৈবের বশে,
জীব-তারা যদি খসে

এ দেহ-আকাশ হতে,             নাহি খেদ তাহে।
জন্মিলে মরিতে হবে,
অমর কে কোথা কবে,

চিরস্থির কবে নীর,                হায় রে, জীবন-নদে?
কিন্তু যদি রাখ মনে,
নাহি, মা, ডরি শমনে;

মক্ষিকাও গলে না গো            পড়িলে অমৃত-হ্রদে।

সেই ধন্য নরকূলে,
লোকে যারে নাহি ভুলে,

মনের মন্দিরে সদা                সেবে সর্বজন;
কিন্তু কোন গুণ আছে,
যাচিব যে তব কাছে,

হেন অমরতা আমি,               কহ, গো, শ্যামা জন্মদে!
তবে যদি দয়া কর,
ভুল দোষ, গুণ ধর

অমর করিয়া বর দেহ             দাসে, সুবরদে!
ফুটি যেন স্মৃতি-জলে,
মানসে, মা, যথা ফলে

মধুময় তামরস                      কী বসন্ত, কী শরদে!

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts