You are currently viewing আশা কবিতা — সিকান্দার আবু জাফর

আশা কবিতা — সিকান্দার আবু জাফর

আশা
— সিকান্দার আবু জাফর

আমি সেই জগতে হারিয়ে যেতে চাই,
যেথায় গভীর-নিশুত রাতে
          জীর্ণ বেড়ার ঘরে
নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই ॥
যেথায় লোকে সোনা-রূপায়
          পাহাড় জমায় না,
বিত্ত-সুখের দুর্ভাবনায়
          আয়ু কমায় না;
যেথায় লোকে তুচ্ছ নিয়ে
          তুষ্ট থাকে ভাই ॥
সারা দিনের পরিশ্রমেও
          পায় না যারা খুঁজে
একটি দিনের আহার্য-সঞ্চয়,
তবু যাদের মনের কোণে
          নেই দুরাশা গ্লানি,
নেই দীনতা, নেই কোনো সংশয়।
যেথায় মানুষ মানুষেরে
           বাসতে পারে ভালো
প্রতিবেশীর আঁধার ঘরে
           জ্বালতে পারে আলো,
সেই জগতের কান্না-হাসির
           অন্তরালে ভাই
আমি হারিয়ে যেতে চাই ॥

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts