You are currently viewing আলো চাই কবিতা — সিকান্দার আবু জাফর

আলো চাই কবিতা — সিকান্দার আবু জাফর

আলো চাই
— সিকান্দার আবু জাফর


শাখে শাখে চৈত্রের পল্লবে
দেখেছি বিমুগ্ধ চোখে সবুজের বর্ণ সমারোহ;
সে-বর্ণের কিছু আছে রহস্য জটিল
কিছু আছে অন্তরের কথা।
পত্রঝরা শাখা-বৃন্ত-প্রাণে
কী অব্যক্ত অনুনয় ছিল,
রুক্ষ শাখা ঊর্ধ্বশূন্যে কি কথা শোনালো,
উচ্ছ্বসিত বেদনার প্রাণস্পন্দ নিয়ে
কোথা থেকে এলো এই সবুজের শিশু,
তার কিছু ইতিহাস অদৃশ্য অক্ষরে আছে লেখা।
সে-দুর্জেয় নীরব কাহিনি
রাত্রিদিন বারবার করে
শুনতে চেয়েছি আমি উন্মুখ শ্রবণে।
শোনার অতীত যত কথা
দেখার অতীত যত অপ্রতিম রূপ
তাই দিয়ে রূপে-রসে সৃষ্টির নিভৃত মর্মবাণী
লিপিবদ্ধ আছে সঙ্গোপনে।
সে-রূপের কিছু আলো পেয়েছি হৃদয়ে
কিছু কথা শুনেছি কখনো
মর্মের শ্রবণে
বুঝিনি অনেক কিছু তার।
যেটুকু বুঝেছি তাও কথা নেই শোনাবার মতো।
তবু সেই সুনিশ্চিত বাণী
অস্পষ্ট স্বপ্নের মতো অনুভূতি ঘিরে
স্পর্শ তার রেখে যায়, প্রলোভন রেখে যায় আরও,
আমি তাকে পাইনি আমার
চেতনার সহজ সন্ধানে।
তবু তাকে দেখবার বুঝবার অশেষ বিস্ময়ে
রুদ্ধদ্বার হৃদয়ের কাছে
অনুনয় করি বারংবার:
আলো চাই- আরও আলো,
অন্তরের, তীব্রতম আলো।

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts