হামদ্
—আলাওল
বিছমিল্লা প্রভুর নাম আরম্ভ প্রথম।
আদ্যমূল শির সেই শোভিত উত্তম ॥
প্রথমে প্রণাম করি এক করতার।
যেই প্রভু জীবদানে স্থাপিল সংসার ॥
করিল প্রথম আদি জ্যোতির প্রকাশ।
তার পরে প্রকটিল সেই কবিলাস ॥
সৃজিলেক আগুন পবন জল ক্ষিতি।
নানা রঙ্গ সৃজিলেক করি নানা ভাঁতি ॥
সৃজিল পাতাল মহী স্বর্গ নর্ক আর।
স্থানে স্থানে নানা বস্তু করিল প্রচার ॥
সৃজিলেক সপ্ত মহী এ সপ্ত ব্রহ্মাণ্ড।
চতুর্দশ ভুবন সৃজিল খণ্ড খণ্ড ॥
সৃজিলেক দিবাকর শশী দিবারাতি।
সৃজিলেক নক্ষত্র নির্মল পাতি পাতি ॥
সৃজিলেক শীত গ্রীষ্ম রৌদ্র ছায়া আর।
করিল মেঘের মাঝে বিদ্যুৎ সঞ্চার ॥
সৃজিল সমুদ্র মেরু জলচরকুল।
সৃজিল সিপিতে মুক্তা রত্ন বহু মূল ॥
সৃজিলেক নানা রোগ নানান ঔষধ ।
সৃজিয়া মানব-রূপ করিল মহৎ ॥
অন্ন আদি নানাবিধ দিয়াছে ভুগত ।
সৃজিলেক নৃপতি ভুঞ্জয় সুখে রাজ ॥
হস্তী অশ্ব নর আদি দিছে তারে সাজ ।
সৃজিলেক নানা দ্রব্য এ ভোগ বিলাস ॥
কাকে কৈল ঈশ্বর কাকে কৈল দাস ।
কাকে কৈল সুখ ভোগে সতত আনন্দ ॥
কেহ দুঃখী উপবাসী চিন্তাযুক্ত ধন্ধ ।
আপনা প্রচার হেতু সৃজিল জীবন ॥
নিজ ভয় দর্শাইতে সৃজিল মরণ ।
কাকে কৈল ভিক্ষুক কাকে কৈল ধনী ।
কাকে কৈল নির্গুণী, কাকে কৈল গুণী ॥
