You are currently viewing নতুন দেশ কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর

নতুন দেশ কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর

নতুন দেশ 
— রবীন্দ্রনাথ ঠাকুর

নদীর ঘাটের কাছে
নৌকো বাঁধা আছে,
             নাইতে যখন যাই,
                  দেখি সে জলের ঢেউয়ে নাচে।

আজ গিয়ে সেইখানে
দেখি দূরের পানে
            মাঝনদীতে নৌকো, কোথায়
                  চলে ভাঁটার টানে।

জানি না কোন দেশে
পৌঁছে যাবে শেষে,
             সেখানেতে কেমন মানুষ
                    থাকে কেমন বেশে।

থাকি ঘরের কোণে,
সাধ জাগে মোর মনে,
                    অমনি করে যাই ভেসে, ভাই,
                        নতুন নগর বনে।
দূর সাগরের পারে,
জলের ধারে ধারে,
             নারিকেলের বনগুলি সব
                     দাঁড়িয়ে সারে সারে।

পাহাড়-চূড়া সাজে
নীল আকাশের মাঝে,
             বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া
                     কেউ তা পারে না-যে।
কোন সে বনের তলে
 নতুন ফুলে ফলে
            নতুন নতুন পশু কত
                  বেড়ায় দলে দলে।
কত রাতের শেষে
নৌকো যে যায় ভেসে।
             বাবা কেন আপিসে যায়,
                     যায় না নতুন দেশে?

Author

  • "শীতের চরম শিখরে আমি অবশেষে আবিষ্কার করলাম যে আমার ভেতরে এক অপরাজেয় গ্রীষ্ম বাস করে।"

    — আলবার্ট কামুস

    View all posts